পশুর হাটে ইজারার শর্ত ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা --------- ডিএসসিসি মেয়র

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ইজারায় বরাদ্দকৃত জায়গার বাইরে কোনো ইজারাদার পশুর হাট বসাতে পারবেন না। যত্রতত্র পশুর হাট বসার সুযোগ রাখা হয়নি। কেউ ইজারার শর্ত ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। আজ মঙ্গলবার থেকে রাজধানীর পশুর হাটগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। গতকাল ধানমন্ডি লেকে জাতীয় মত্স্য সপ্তাহ ২০২০ উপলক্ষ্যে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস আরো বলেন, ‘আমরা গণমাধ্যমের সুবাদে দেখছি যে, অনেকেই এরই মধ্যে ইজারায় বরাদ্দকৃত জায়গার বাইরে আবাসিক এলাকায়ও গরুর হাট বিস্তৃত করছেন যা কোনোভাবেই কাম্য নয়। এর আগে মেয়র ধানমন্ডি লেকে বিভিন্ন মাছের ৩০০ কেজি পোনা অবমুক্ত করেন। মত্স্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস্ আফরোজের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (ডা.) শরীফ আহমেদ, প্রধান প্রকৌশলী মো. রেজাউর রহমান, ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম বাবলা ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর শিরীন গাফফারী প্রমুখ উপস্থিত ছিলেন।