গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত পরিচয় দু্ই জন নিহত হয়েছে। রবিবার রাত আড়াইটার দিকে ভাওয়াল জাতীয় উদ্যানের চার নম্বর গেটের কাছে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার করা হয়েছে। গুলিবিনিময়কালে র্যাব সদস্য ওয়াসিম আহত হন। নিহত দুই সন্ত্রাসীর বয়স আনুমানিক ৩২ ও ৩৫ বছর।
র্যাব-১-এর গাজীপুরের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাস্থলে একদল সন্ত্রাসী ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছিল। গোপন সূত্রে খবর পেয়ে এলাকায় অভিযান চালানো হয়। উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে তারাও পালটা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে দুই সন্ত্রাসীর মরদেহ উদ্ধার করা হয়। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঐ র্যাব কর্মকর্তা আরো জানান, একদল দুর্বৃত্ত বেশ কিছুদিন ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিল।