তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের রূপকল্পেই বাংলাদেশ ঠিক সময়ে চতুর্থ শিল্পবিপ্লবে যুক্ত হয়েছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়িত হয়েছে ডিজিটাল বাংলাদেশ। গতকাল সোমবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টার জন্মদিন উপলক্ষ্যে ‘মুজিব থেকে সজীব’ গ্রন্থের মোড়ক উন্মোচনকালে তিনি এসব কথা বলেন। তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, গ্রন্থটির প্রকাশক জয়ীতা প্রকাশনীর স্বত্বাধিকারী সাংবাদিক ইয়াসিন কবীর জয় ও প্রচ্ছদশিল্পী শাহরিয়ার খান বর্ণ এ সময় বক্তব্য রাখেন। গ্রন্থটির সম্পাদক কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও পদ্মা ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত অনলাইনে যুক্ত হন।
তথ্যমন্ত্রী বলেন, চতুর্থ শিল্পবিপ্লব অর্থাত্ দেশ-সমাজকে ডিজিটালাইজ করা, রোবটিক্স প্রযুক্তিসহ তথ্যপ্রযুক্তির আধুনিক মহাসড়কে যোগ দেবার জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নের কথা বলেছিলেন। প্রথম তিন শিল্পবিপ্লবে আমরা যুক্ত হতে দেরি করেছিলাম। কিন্তু জয়ের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রযুক্তিবিদ ও ভবিষ্যত্ দ্রষ্টার কাছ থেকে ধারণা আসার কারণে আমরা ঠিক সময়ে চতুর্থ শিল্পবিপ্লবের সঙ্গে বাংলাদেশকে সম্পৃক্ত করতে সক্ষম হয়েছি।
হাছান মাহমুদ আরো বলেন, ‘যখন করোনা ভাইরাসের প্রকোপের কারণে আমরা আগের মতো চলাচল করতে পারছি না, তখন ডিজিটাল বাংলাদেশ রচনা করা যে কত প্রয়োজন ছিল, সেটি আমরা অনুধাবন করতে পারছি। শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস করছে, অনলাইনে ব্যবসা-বাণিজ্য হচ্ছে, ই-ফাইলিংয়ের মাধ্যমে দাপ্তরিক কাজ হচ্ছে। আর ডিজিটাল বাংলাদেশ নাগরিকসেবা একেবারে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। জয়ের ৫০তম জন্মদিনে মন্ত্রী সবার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তথ্যমন্ত্রী এ সময় ‘মুজিব থেকে সজীব’ গ্রন্থের প্রকাশক, সম্পাদক, প্রচ্ছদ ও অঙ্গসজ্জাকারসহ এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। উল্লেখ্য, ১১২ পৃষ্ঠার এ গ্রন্থে দেড় শতাধিক সংবাদচিত্র স্থান পেয়েছে। জন্মদিন উপলক্ষ্যে ‘সজীব ওয়াজেদ জয় : সমৃদ্ধ আগামীর প্রতিচ্ছবি’ শিরোনামে আরো একটি গ্রন্থ প্রকাশ করেছে জয়ীতা প্রকাশনী।
অন্যদিকে, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান তার বক্তৃতায় সজীব ওয়াজেদের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘তিনি যেমন ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর হিসেবে কাজ করেছেন, তেমনি জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তেও একনিষ্ঠভাবে কাজ করে চলেছেন।’