করোনা মোকাবিলায় শেখ হাসিনার পরিকল্পনা বিশ্বে অগ্রগামী -----শ ম রেজাউল করিম

মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণে আজকে করোনা পরিস্থিতির মধ্যে বাংলাদেশের মানুষ ভালো রয়েছে। সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। করোনা ভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর পরিকল্পনার কাছে বিশ্বের অনেক দেশও পিছিয়ে রয়েছে। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মদিন উপলক্ষ্যে গতকাল সোমবার পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বৃক্ষরোপণ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শফিউল হক মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাকিম হাওলাদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান খান তালুকদার প্রমুখ।

বরিশাল অফিস : মত্স্য সপ্তাহ উপলক্ষ্যে বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঐহিত্যবাহী দুর্গাসাগর দিঘিতে মাছের পোনা অবমুক্ত করেছেন মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট স ম রেজাউল করিম। গতকাল সোমবার মন্ত্রী দুর্গাসাগরে বিভিন্ন প্রজাতির ১ হাজার কেজি মাছের পোনা অবমুক্ত করেন। পরে মন্ত্রী মত্স্য সপ্তাহের সমাপনী দিন উপলক্ষ্যে দুর্গাসাগর চত্বরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার অমিতাভ সরকার, মত্স্য বিভাগের উপপরিচালক মো. আজিজুল হক ও ইলিশ গবেষক ড. আনিছুর রহমান।