বিএনপি এখন জনবিচ্ছিন দলে পরিণত হয়েছে -------এনামুল হক শামীম

পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেছেন, বিএনপি দেশের কোনো দুর্যোগে পাশে না থেকে জনগণকে বিভ্রান্ত ও দেশবিরোধী নানা ষড়যন্ত্রে ব্যস্ত থাকে। নির্বাচন আসলে নিশ্চিত পরাজয়ের ভয়ে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করে। আর ক্ষমতায় থাকলে দুর্নীতি ও লুটপাট করতে ব্যস্ত থাকে। এ কারণেই বিএনপি এখন জনবিচ্ছিন দলে পরিণত হয়েছে। আর একমাত্র আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব দুর্যোগে মানুষের পাশে থাকে। এ কারণেই আওয়ামী লীগ মানবতার দল ও জননেত্রী শেখ হাসিনা হয়েছেন মানবতার মা।

সোমবার দিনব্যাপী শরীয়তপুরের নড়িয়ায় বন্যাকবলিত ও নদীর তীর সংরক্ষণ কাজের অগ্রগতি পরিদর্শন, আওয়ামী লীগ ও উপমন্ত্রীর রত্নগর্ভা মায়ের প্রতিষ্ঠিত বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে বন্যার্তদের মধ্যে শাড়ি-লুঙ্গি এবং শুকনো খাবার বিতরণ, ১১ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে নড়িয়ার সুরেশ্বর-ভেদরগঞ্জ-ডামুড্যা-গোসাইরহাট-চরমনপুরা সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সখিপুরে নদীভাঙনকবলিত এবং বন্যার্তদের মধ্যে ত্রাণ, ঢেউটিন ও চেক বিতরণ এবং সখিপুরে পল্লী বিদ্যুতের জোনাল অফিসের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর পল্লী বিদ্যুত্ সমিতির জিএম জুলফিকার হোসেন, এজিএম নাজমুল হোসেন, সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি ও ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ হুমায়ুন কবির মোল্যা, ভেদরগঞ্জের ইউএনও তানভীর আল নাসীফ, সখিপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার প্রমুখ।