দেশে করোনা ভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা সোয়া ২ লাখ ছাড়াল। গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮৫৯ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৭৭২ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৬ হাজার ২২৫ জন হলো। আক্রান্ত হয়ে আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা ২ হাজার ৯৬৫ জনে পৌঁছাল।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা গতকাল সোমবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সর্বশেষ তথ্য তুলে ধরেন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ৫৬ শতাংশ। রবিবার ১০ হাজার ৭৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ২ হাজার ২৭৫ জন। নমুনা পরীক্ষার বিবেচনায় এই হার ছিল ২২ দশমিক ৫৭ শতাংশ। আগের দিনের চেয়ে গতকাল শনাক্তের হার ১ দশমিক শূন্য ১ শতাংশ কম। দেশে এ পর্যন্ত মোট ১১ লাখ ২৪ হাজার ৪১৭ জনের নমুনা পরীক্ষায় ২ লাখ ২৬ হাজার ২২৫ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ১২ শতাংশ। অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৮০১ জন। রবিবারের চেয়ে গতকাল ৯ জন বেশি সুস্থ হয়েছেন। রবিবার সুস্থ হয়েছিলেন ১ হাজার ৭৯২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ২৫ হাজার ৬৮৩ জন। গতকাল শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৫ দশমিক ৫৬ শতাংশ। আগের দিন এই হার ছিল ৫৪ দশমিক ৪৪ শতাংশ। আগের দিনের চেয়ে গতকাল সুস্থতার হার ১ দশমিক ১২ শতাংশ বেশি। রবিবারের চেয়ে গতকাল ১৭ জন কম মারা গেছেন। শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৩১ শতাংশ।
অতিরিক্ত মহাপরিচালক জানান, ‘করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৫৪৪ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১০ হাজার ৪৪১ জনের। রবিবারের চেয়ে গতকাল ২ হাজার ১০৩টি নমুনা বেশি সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের ৮১টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৮৫৯ জনের।