ফরিদপুর, চাঁদপুরের ফরিদগঞ্জ ও চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় সাত জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ছাড়াও বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন আরো ৫ জন। অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর
ফরিদপুর: পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চার মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সোমবার বেলা তিনটায় ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুরের তেতুলতলা এলাকায় যশোরগামী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হন। তারা হলেন: চাঁদপুরের ফরিদগঞ্জের মূলপাড়া গ্রামের দেলোয়ার শেখের ছেলে জাহাঙ্গীর শেখ (৫০) ও একই এলাকার কমলদার খানের ছেলে সাইফুল কান (৩০)। অন্যদিকে রবিবার রাতে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দার ডাঙ্গী ইউনিয়নের ভুবুকদিয়া বাজার এলাকায় মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা দিলে দুইজন প্রাণ হারান। নিহতরা হলেন : নগরকান্দার ডাঙ্গী ইউনিয়নের যদুরদিয়া গ্রামের মৃত সাত্তার মাতুব্বরের ছেলে আলী মাতুব্বর ও নগরকান্দার ফুলসূতী ইউনিয়নের বাওতিপাড়া গ্রামের রূপ কুমার মণ্ডলের ছেলে নয়ন মণ্ডল।
ফরিদগঞ্জ (চাঁদপুর) : চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের ফরিদগঞ্জ বেইলি ব্রিজের দক্ষিণ পাশে গরুবাহী ট্রাকের সঙ্গে দুটি মোটর সাইকেলের সংঘর্ষে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু ও তিন জন আহত হয়েছেন। নিহতরা হচ্ছেন: ফরিদগঞ্জের গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ইউপি মেম্বার আলমগীর হোসেন বাবুল খন্দকারের ছেলে জিসান খন্দকার (২৩) ও একই বাড়ির হান্নান খন্দকারের ছেলে রাসেল খন্দকার (২২)। আহতরা হচ্ছেন একই গ্রামের রাকিব পাটওয়ারী, মামুন ব্যাপারী ও তারেক ব্যাপারী। দুর্ঘটনার পরপরই পুলিশ চালক রুস্তমসহ ঘাতক ট্রাকটি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা থেকে আটক করেছে।
চট্টগ্রাম অফিস: আনোয়ারায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল সকালে আনোয়ারার কর্ণফুলী এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মোটর সাইকেল আরোহীর নাম পারভেজ শাহ (২৪)। তিনি আনোয়ারার বৈরাগী ইউনিয়নের আনোয়ার সওদাগরের ছেলে।
সুনামগঞ্জ: দক্ষিণ সুনামগঞ্জের পাগলা বাজারসংলগ্ন ডাবর ব্রিজ এলাকায় গতকাল মাইক্রোবাস উলটে লাভলু শিকদার (৪০) নামে একজন নিহত হয়েছেন। তিনি নড়াইলের লোহাগড়া উপজেলার আরিয়ারা গ্রামের বদিয়ার শিকদারের ছেলে।
মহেশপুর (ঝিনাইদহ): সোমবার কাগমারী গ্রামে বালুভর্তি পাওয়ারটিলারের চাকায় পিষ্ট হয়ে সাকিব আল হাসান (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার ঘুগরিপান্তাপাড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে এবং পান্তাপাড়া ভুঁইয়া মডেল একাডেমির চতুর্থ শ্রেণির ছাত্র।
নান্দাইল (ময়মনসিংহ): নান্দাইলের ঝালুয়া এলাকায় ট্রাকচাপায় গতকাল আম্বিয়া খাতুন (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার আতকাপাড়া গ্রামের হাদিস মিয়ার স্ত্রী। এ ঘটনায় আরো তিন জন আহত হয়েছেন।
গাংনী (মেহেরপুর) : মোটরসাইকেলের ধাক্কায় জহুরা খাতুন (৫৫) এক নারী নিহত হয়েছেন। সকালে গাংনীতে আসার জন্য গাংনী-হাটবোয়ালিয়া সড়কের করিমপুর মোড়ে দাঁড়িয়ে ছিলেন তিনি। এ সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল জহুরা খাতুনকে পেছন থেকে ধাক্কা দেয়। উপজেলার ষোলটাকা ইউনিয়নের জুগিরগোফা গ্রামের মৃত মুরাদ হোসেনের স্ত্রী জহুরা খাতুন ।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) : আড়াইহাজারে ঢাকা—সিলেট মহাসড়কের বাগবাড়ী নামক স্থানে যাত্রীবাহী বাস ও দুধবাহী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন। নিহত নুরুদ্দীন ভোলার দৌলতখান এলাকার বাসিন্দা।