টেকনাফে মাদক কারবারি গ্রুপের গোলাগুলি, নিহত ৪

কক্সবাজারের টেকনাফে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই মাদক গ্রুপের মাঝে গোলাগুলিতে ৪ যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে টেকনাফের খারাংখালী সাতঘরিয়া পাড়া এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ।

নিহতরা হলেন, হোয়াইক্যং ইউনিয়নের সাতঘরিয়া এলাকার মৃত নুর মোহাম্মদ এর ছেলে মোঃ ইসমাইল (২৫), হোয়াইক্যং আমতলী এলাকার আব্দুল মালেক ছেলে আনোয়ার হোসেন (২২), খারাংখালী এলাকার আব্দুস সালামের ছেলে মোঃ নাছির (২৩), পূর্ব মহেশখালীয়া পাড়া এলাকার মৃত হাকিম মিয়ার ছেলে আনোয়ার (২৪)।

ওসি প্রদীপ জানান, টেকনাফের হোয়াইক্যং খারাংখালীর সাতঘরিয়া পাড়া এলাকায় ইয়াবার লেনদেন নিয়ে দু’গ্রুপের মধ্যে গোলাগুলি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনা স্থলে যায়। সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে মাদক কারবারিরা।
পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি বর্ষণ করে। এক পর্যায়ে মাদক কারবারিরা পিছু হটলে ঘটনাস্থলে চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা, ২টি দেশিয় তৈরি অস্ত্র ও ৮ রাউন্ড গুলি জব্দ করে। নিহতদের মধ্যে বাংলাদেশি ও রোহিঙ্গা রয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতদের মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান প্রদীপ কুমার দাশ।

এদিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, পুলিশ উদ্ধার করে গুলিবিদ্ধ ৪ জনকে হাসপাতালে নিয়ে আসলে তাদের মৃত ঘোষণা করা হয়।

ইত্তেফাক/এমআরএম