ফিফা নিয়ম পরিবর্তন করলে চীন জাতীয় ফুটবল দলে খেলতে চান সাবেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কার। ২০১৭ সালে চেলসি থেকে সাংহাই এসআইপিজিতে যোগ দেওয়া অস্কার ব্রাজিলের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন ২০১৫ সালে। এর আগে বিশ্বকাপেও খেলা এই মিডফিল্ডারের পক্ষে নিয়মানুযায়ী আর অন্য কোনো দলে খেলা সম্ভব নয়। তবে নিয়ম বদলালে চীন দলে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন তিনি, প্রয়োজনে বদলাবেন নিজের ব্রাজিলিয়ান পাসপোর্টও! শেষ দুই চীনা লিগ মৌসুমে সর্বোচ্চ গোল জোগানদাতা অস্কার সম্প্রতি এক সাক্ষাত্কারে বলেন, ‘নাগরিকত্ব আইন বদলালে আমি চীনের হয়ে খেলতে চাই। এখানে বেশ ছন্দে আছি আমি, নিজেকে প্রমাণ করে চলেছি। চীন দল যদি ভালো মিডফিল্ডারের খোঁজে থাকে তাহলে আমি তাদের সাহায্য করতে চাই, কারণ আমি চীনকে ভালোবাসি।’