স্পোর্টস রিপোর্টার
ঈদের আগে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনের প্রথম পর্ব শেষ হওয়ার কথা ছিল ২৬ জুলাই। পরে ক্রিকেটারদের অনুরোধেই দুই দিন মেয়াদ বাড়িয়েছিল বিসিবি। সেই সূচি অনুযায়ী ঈদের আগে গতকাল ছিল অনুশীলনের শেষ দিন। আজ থেকেই শুরু হচ্ছে ঈদুল-আজহার বিরতি।
গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শেষ দিনের অনুশীলনে ঘাম ঝরিয়েছেন তিন ক্রিকেটার। মুশফিকুর রহিম, ইমরুল কায়েস ও এনামুল হক বিজয় ফিটনেসের কাজ এবং ব্যাটিং অনুশীলন করেছেন। সকালে দিনের শুরুতে এসেছিলেন ইমরুল। সূচি অনুযায়ী মিরপুরে এসে জিমে ২৫ মিনিট কাজ করেছেন তিনি। পরে ইনডোরে এক ঘণ্টা ব্যাটিং করেছেন বাঁহাতি এই ওপেনার।
মুশফিক এসেই রানিং সেরেছেন। পরে ব্যাটিংয়েও লম্বা সময় কাটিয়েছেন তিনি। গত সোমবার অনুশীলনে যোগ দেওয়া বিজয় দুপুরে আসেন হোম অব ক্রিকেটে। তিনিও রানিং করেছেন শুরুতে। পরে নেটে ব্যাটিং করে ফিরে গেছেন ডানহাতি এই ওপেনার।
করোনার মাঝেও ক্রিকেটাররা আগ্রহ দেখানোর কারণে অনুশীলনের ব্যবস্থা করেছিল বিসিবি। ট্রেনার, ফিজিওদের তত্ত্বাবধানে এক সপ্তাহেরও বেশি অনুশীলন করলেন ক্রিকেটাররা। তবে ঈদের পর দলগতভাবে অনুশীলন শুরু হতে পারে।