স্পোর্টস রিপোর্টার
দেশের নারী ফুটবলে কোচিং পেশা গ্রহণ করতে ব্যাপক আগ্রহ নারীদের মধ্যে। বিশেষ করে যেসব নারী এক সময় ফুটবল খেলেছেন। কিন্তু পরবর্তী সময়ে তারা ঘরে চলে গিয়েছিলেন কিংবা ফুটবলের সঙ্গে থাকলেও নিজেকে আরো গভীরভাবে সম্পৃক্ত করার সুযোগ পাচ্ছিলেন না। সেই সব সাবেক নারী ফুটবলারদের জন্য এবার ‘সি’ লাইসেন্স কোর্স সম্পন্ন করার দারুণ সুযোগ এসেছে। কোচ হিসেবে নতুন পেশায় নাম লেখানোর জন্য সুযোগ করে দিয়েছে বাফুফে। এবারই প্রথম ৩১ জন নিয়ে নারী কোচিং কোর্স শুরু হয়েছে গতকাল। ভার্চুয়াল কোচিংয়ে প্রথমবার ‘সি’ লাইসেন্স কোর্স শুরু হলো, যদিও এটি পাইলট প্রজেক্ট হিসেবে শুরু হয়েছে। তারপরও এই নারীরাই আগামীতে কোচিং পেশায় আসবেন এমনটা ধরে নিয়েই বাফুফের টেকনিক্যাল ডাইরেক্টর অস্ট্রেলিয়ান পল থমাস স্মলী কোর্স পরিচালনা করছেন। বাফুফে জানিয়েছে শুধু সাবেক নয় বর্তমান ফুটবলারও ‘সি’ লাইসেন্স কোর্স করছেন।