ক্লপই প্রিমিয়ার লিগের সেরা

স্পোর্টস ডেস্ক

লিভারপুলের ৩০ বছরের প্রিমিয়ার লিগ শিরোপার অপেক্ষা ঘোচানোর পুরস্কার পেলেন য়ুর্গেন ক্লপ। কোচেদের ভোটে ইংল্যান্ডের সেরা কোচের খেতাব ‘স্যার অ্যালেক্স ফার্গুসন ট্রফি’ উঠেছে তার হাতে। পুরস্কারটি জেতার পথে জার্মান কোচকে হারাতে হয়েছে মার্সেলো বিয়েলসাদের মতো প্রতিদ্বন্দ্বীদেরকে।

এমনিতে প্রিমিয়ার লিগ জয়ী কোচের হাতেই ওঠে পুরস্কারটি। কিন্তু এ বছর লিভারপুল কোচ ক্লপের প্রতিদ্বন্দ্বী ছিলেন লিডস ইউনাইটেডকে ১৬ বছর পর প্রিমিয়ার লিগে তুলে আনা মার্সেলো বিয়েলসা, প্রিমিয়ার লিগে অকল্পনীয় এক মৌসুম কাটানো শেফিল্ড ইউনাইটেডের কোচ ক্রিস ওয়াইল্ডার ও ওয়াইকম্ব ওয়ান্ডারাসের কোচ গ্যারেথ আন্সওয়ার্থ। তাই কিছুটা শঙ্কা ছিলই। তবে সব শঙ্কা কাটিয়ে শেষমেশ পুরস্কারটা ওঠে জার্মান কোচেরই হাতে।

পুরস্কার গ্রহণের সময়ে ক্লপ বলেন, ‘লিগ ম্যানেজার্স অ্যাসোসিয়েশন থেকে দেয়া এ স্যার অ্যালেক্স ফার্গুসন পুরস্কার পেয়ে আমি আনন্দিত। এর সঙ্গে এমন একজনের নাম জড়িয়ে আছে যার গুণমুগ্ধ আমি। আমারই সঙ্গের কোচেদের ভোটে এ পুরস্কারটা দেওয়া হয়, এতে করে এর বিশেষত্ব বেড়ে যায়!’

তিনি আরো যোগ করেন, ‘বিল শ্যাঙ্কলি, বব পেইসলি, জো ফ্যাগান, কেনি ডালগ্লিশ ও সাম্প্রতিক সময়ে ব্রেন্ডান রজার্সের মতো লিভারপুল কোচেরা এ পুরস্কার জিতেছেন। তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারাটা সম্মানের।’

দারুণ প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে পুরস্কার জেতার পর ক্লপ পেলেন খোদ ফার্গির প্রশংসাও! স্যার অ্যালেক্স ফার্গুসন বলেন, ‘তুমি সত্যিই এর যোগ্য। দলের নৈপুণ্যের মান ছিল বিশ্বমানের। পুরো ক্লাবে তোমার ব্যক্তিত্বের ছাপ আছে। আমি মনে করি, পারফরম্যান্সটা অসাধারণ ছিল।’ প্রিমিয়ার লিগ জেতার পর মাঝরাতে ঘুম থেকে ফার্গুসনকে তুলে খবরটা জানিয়েছিলেন ক্লপ। পুরস্কারটি ঘোষণার সময়ে এক ভিডিও বার্তায় ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি জানান, ‘প্রিমিয়ার লিগ জিতে ভোররাতে আমাকে জাগিয়ে খবরটা জানিয়েছিলে তুমি। তার জন্য আমি তোমাকে মাফ করে দিচ্ছি অবশ্য, ধন্যবাদ।’