খেয়াঘাটে বর্জ্যের উত্কট দুর্গন্ধ

শীতলক্ষ্যা নদী পানিতে টইটম্বুর। নদী যেন প্রাণ ফিরে পেয়েছে। কিন্তু গাজীপুরের কাপাসিয়া-তরগাঁও খেয়াঘাটে আবর্জনার উত্কট দুর্গন্ধ। নদীর পানিতে ফেলা হচ্ছে নানা ধরনের ময়লা, নিষিদ্ধ পলিথিন ও স্থানীয় মুরগির দোকনের বর্জ্য। কাপাসিয়া সদরের ৮-১০টি মুরগির দোকান থেকে সরাসরি ড্রেনের মাধ্যমে নদীতে ফেলা হচ্ছে এসব আবর্জনা। ড্রেনের মুখ খেয়াঘাটে হওয়ায় বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী। নদীতে পানি বেশি হওয়ায় স্রোতের সঙ্গে ভেসে যাচ্ছে মুরগির পাখনা, পালক, পা ও নাড়িভুঁড়ি। এসব বর্জ্য পচে দূষিত হচ্ছে পানি ও ছড়াচ্ছে দুর্গন্ধ। উপজেলার মোট ১১ ইউনিয়নের মধ্যে নদী পার হয়ে যেতে হয় ৮ ইউনিয়নে। খেয়াঘাটে ময়লার কারণে হাত দিয়ে নাক ঢেকে অপেক্ষা করতে হয় নৌকার জন্য। বেশ কয়েকবার গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরও এই অবস্থার কোনো পরিবর্তন হয়নি। অন্যদিকে পুরনো ইট দিয়ে বাঁধানো খেয়াঘাট আবর্জনার ভগাড়। বাজারের সমস্ত ময়লা ফেলা হয় এখানে। পরিশেষে, পরিবেশদূষণ রোধ ও জনসাধারণের চলাচলের সুবিধার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ব্যাপারে নজরদারি প্রয়োজন।

শামীম শিকদার, কাপাসিয়া, গাজীপুর