ভবিষ্যত্ শিক্ষা কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করা প্রয়োজন

করোনার কারণে প্রায় পাঁচ মাস হলো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সম্ভাবনা নেই। এই অবস্থায় চলতি বছরের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম বা পরীক্ষা গ্রহণ সম্ভব হবে না। শিক্ষার্থীদের শিক্ষাবছরের কোনো রকম ক্ষতি না করে যাতে পরবর্তী শিক্ষাবর্ষ শুরু করা যায়, সেই দিকে লক্ষ রেখে দ্রুত পরিকল্পনা নেওয়া উচিত। এই অস্বাভাবিক পরিস্থিতিতে পিএসসি বা জেএসসি পরীক্ষা নেওয়ার প্রয়োজন নেই। প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত সংক্ষিপ্ত সিলেবাসের ভিত্তিতে প্রতিষ্ঠানভিত্তিক বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে। তবে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শিক্ষাবোর্ডের অধীনেই যথাসময়ে সংক্ষিপ্ত সিলেবাসের ভিত্তিতে নেওয়ার ব্যবস্থা করা জরুরি। বর্তমানে অনলাইনভিত্তিক যে শিক্ষা কার্যক্রম চলছে, তা দেশের বেশিরভাগ শিক্ষার্থীর কাছেই গ্রহণযোগ্য বা বোধগম্য নয়। এ অবস্থায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সবার দিন কাটছে অনিশ্চয়তার মধ্যে। যেহেতু চলতি বছরের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম আর চালানো সম্ভব নয়, তাই সময় নষ্ট না করে শ্রেণিভিত্তিক জাতীয়ভাবে সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা উচিত। তাহলে শিক্ষার্থীরা বাড়িতে অভিভাবক অথবা গৃহশিক্ষকের মাধ্যমে লেখাপড়া চালিয়ে যেতে পারবে। আমরা আশা করি, শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে শিক্ষা মন্ত্রণালয় দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।

বিপ্লব বিশ্বাস, গোয়ালচামট, ফরিদপুর