আলজাজিরা
প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ দ্বিতীয় দফায় স্পেনে বাড়তে থাকায় দেশটির তিন অঞ্চলে ভ্রমণে বিশেষ সতর্কতা জারি করেছে জার্মানি। গতকাল জার্মান সরকার দেশটির পর্যটকদের ঐ তিন এলাকায় অনাবশ্যক ভ্রমণ না করতে পরামর্শ দিয়েছে।
স্পেনের যে তিনটি অঞ্চল ভ্রমণে জার্মানি সতর্কতা জারি করেছে, সেগুলো হলো—আরাগন, কাতালোনিয়া ও নাভারা। এক বিবৃতিতে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব এলাকায় করোনা সংক্রমণের উচ্চহার এবং স্থানীয় লকডাউনের কারণে ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছে। সাম্প্রতিক সময়ে স্পেনের এ তিনটি অঞ্চলে হঠাত্ করেই ব্যাপক হারে বাড়ে করোনা রোগীর সংখ্যা। যদিও স্প্যানিশ সরকার দাবি করেছে, এলাকাগুলোর পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে সংক্রমণ শুধু স্পেনেই নয়, বাড়ছে জার্মানিতেও। এর কারণ হিসেবে স্থানীয়দের স্বাস্থ্য সতর্কতায় অবহেলা ও সামাজিক দূরত্ব না মানার প্রবণতাকে দায়ী করেছে জার্মানির রবার্ট কশ ইনস্টিটিউট (আরকেআই)। আরকেআইয়ের প্রধান লোথার উইলার সাংবাদিকদের বলেন, ‘ভাইরাসটি আরো একবার দ্রুত অনিয়ন্ত্রিতভাবে ছড়ানো প্রতিরোধ করতে হবে। সম্প্রতি করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি আমার এবং আরকেআইয়ের সবার কাছেই উদ্বেগজনক।’ করোনা মহামারির ভয়াবহ পরিস্থিতি রোধে দেশের সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলা ও মাস্ক পরার আহ্বান জানিয়েছেন আরকেআইয়ের এ শীর্ষ কর্মকর্তা।
এদিকে স্পেনে লকডাউনে ১০ লাখ লোক কর্মহীন হয়ে পড়েছেন। ন্যাশনাল স্ট্যাটিসটিকস ইনস্টিটিউটের (আইএনই) পরিসংখ্যানে এ কথা বলা হয়েছে। একদিকে চাকরিহারা অন্যদিকে করোনার কারণে তারা নতুন চাকরির খোঁজেও যেতে পারছেন না। এ অবস্থায় তারা অনেকটা উভয় সংকটে রয়েছেন। দেশটিতে এখন মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ৮৬২ জন। আর মারা গেছে ২৮ হাজার ৪৩৪ জন।