সুন্দরবন রক্ষায় বন কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল

ঈদেও নিরাপত্তার বলয়ে থাকছে বন

কয়রা (খুলনা) সংবাদদাতা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনা রেঞ্জের বনজসম্পদ রক্ষায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। ইতিমধ্যে বন বিভাগ থেকে বিভিন্ন স্টেশন ও টহল ফাঁড়ির কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সম্প্রতি সুন্দরবনে পাশ পারমিট বন্ধ রয়েছে। ইতিমধ্যে বিভিন্ন অভিযানে মাছ ও কাঁকড়া ধরার অপরাধে জাল, নৌকা, ইঞ্জিনচালিত ট্রলারসহ অনেক জেলে আটক করা হয়েছে। বন বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবনের হরিণ শিকার, অবৈধভাবে গাছ কাটা এবং বিষ দিয়ে মাছ শিকার বন্ধে গত ২৭ জুলাই খুলনা রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ বিশেষ টিম গঠন করে টহল জোরদারসহ প্রত্যেক স্টেশন কর্মকর্তার সমন্বয়ে টহল কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে জানানো হয়, ঈদের ছুটিকে কাজে লাগিয়ে বেপরোয়া হয়ে উঠে একশ্রেণির চোরাকারবারিরা। তারা এ সময় সুন্দরবনের কাঠ পাচার করে আর্থিক ফায়দা লুটে থাকে। এ ছাড়া একশ্রেণির অসাধু শিকারি চক্র মায়াবি হরিণ নিধনযজ্ঞে মেতে ওঠে। তাই এ বছর বন বিভাগ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাবলয়। সুন্দরবন পশ্চিম বিভাগের (ডিএফও) মো. বশিরুল-আল মামুন বলেন, ঈদকে সামনে রেখে সুন্দরবনের সকল কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। বর্তমানে সুন্দরবনে স্মার্ট টিমসহ বিভিন্ন স্টেশন ও টহল ফাঁড়ির অভিযান অব্যাহত রয়েছে।