ভিন্ন কৌশলে নবজাতক চুরির পর উদ্ধার

গ্রেফতার ৩

চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা

ভিন্ন কৌশলে নবজাতককে চুরির পর চাটখিল থানা পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ শিশু পাচারকারীর তিন জনকে গ্রেফতার করেছে। এ সময় চুরি হয়ে যাওয়া নবজাতককে উদ্ধার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে মোশারফ সেলিম গাজী, মারজাহান বেগম ও লাভলী বেগম। পুলিশ জানায়, গত ১৩ জুলাই লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার উত্তর দেবনগর গ্রামের বিল্লাল হোসেনের অন্তঃসত্ত্বা স্ত্রী রিনা বেগম (২৪) বাবার বাড়ি ঢাকায় যাওয়ার জন্য দশঘরিয়া হিমালয় কাউন্টারে আসে। সেখান থেকে সংঘবদ্ধ পাচারকারী দল কৌশলে তাকে সোনাইমুড়ী নিয়ে একটি বাড়িতে আটকে রাখে। ২৩ জুলাই প্রসব ব্যথা শুরু হলে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। হাসপাতালে মেয়ে জন্ম নিলে ২৪ জুলাই তাকে সরিয়ে নোয়াখলা গ্রামে এবং রিনাকে সোনাইমুড়ী নিয়ে যায়। সোমবার সন্ধ্যায় সোনাইমুড়ী থেকে পালিয়ে চাটখিল এসে রিনা স্বামীর কাছে ঘটনা জানালে থানায় অভিযোগ দায়ের করেন। চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।