উল্লাপাড়ায় স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

উল্লাপাড়া সংবাদদাতা

মঙ্গলবার বেলা ১০টার দিকে উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নের শহরিয়ারপুর গ্রামের শাপলা খাতুন (১৫) নামের এক স্কুলছাত্রীকে বঁটি দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। শাপলা এই গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে এবং  ধামাইকান্দি কেফায়েত আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।  পুলিশ ঘাতক আতিকুর রহমান আশিককে (১৯) গ্রেফতার করেছে। সলঙ্গা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক রায়হান জানান, পূর্বশত্রুতার জের ধরে শাপলা খাতুনের চাচাতো ভাই আশিক ঘটনার সময় তার চাচাতো বোনকে বাড়ির পাশের ফাঁকা জায়গায় বঁটি দা দিয়ে এলোপাতাড়ি কোপায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তাকে বাঁচাতে গিয়ে তার মা সাজেদা খাতুনও আহত হন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেড জেড এম তাজুল হুদা দ্রুত ঘটনাস্থলে যান। এ ব্যাপারে শাপলা খাতুনের বাবা আব্দুল কুদ্দুস বাদী হয়ে আতিকুর রহমান আশিক, তার বাবা আব্দুল আজিজ ও মা কল্পনা খাতুনকে  আসামি করে সলঙ্গা  থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।