৮ কোটি টাকার অবৈধ সম্পদ
ইত্তেফাক রিপোর্ট
প্রায় ৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী উত্পল কুমার দে ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদকের অনুসন্ধান কর্মকর্তার প্রতিবেদন যাচাইবাছাই করে কমিশন এ মামলার অনুমোদন দেয়। শিগিগরই দুদকে সহকারী পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী বাদী হয়ে মামলাটি দায়ের করবেন বলে দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
তিনি আরো বলেন, ঠিকাদার জি কে শামীমসহ অন্যান্য ব্যক্তির বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের শত শত কোটি টাকা ঘুষ দিয়ে বড় বড় ঠিকাদারি কাজ নিয়ে বিভিন্ন অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাত্, ক্যাসিনো ব্যবসা করে শত শত কোটি টাকা অবৈধ প্রক্রিয়ায় অর্জন করে বিদেশে পাচার ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। ঐ অনুসন্ধান চালাতে গিয়ে কমিশনের কর্মকর্তারা বহুল আলোচিত ও গ্রেফতারকৃত ঠিকাদার জি কে শামীমের দুর্নীতির সঙ্গে গণপূর্ত অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী উত্পল কুমার দে’র সংশ্লিষ্টতা খুঁজে পায় কমিশন। এরপর অনুসন্ধান করে তার অবৈধ সম্পদের ব্যাপারে তথ্য প্রমাণ পায় কমিশনের অনুসন্ধান টিম। পরে তথ্য-উপাত্ত যাচাইবাছাই করে কমিশন এ মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে।