টঙ্গীবাড়িতে সরকারি চাল ইউপি চেয়ারম্যানের নামে বিতরণের চেষ্টা

টঙ্গীবাড়ি (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

দরিদ্রদের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ভিজিএফের চাল টঙ্গীবাড়ি উপজেলার কামারখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজ নামে বিতরণের উদ্যোগ নিলে তা বন্ধ করে দিয়েছে প্রশাসন।

জানা গেছে, সোমবার সকাল থেকে নিজ নামের লোগো ব্যবহার করে জমি বিক্রির টাকায় ত্রাণসামগ্রী দিচ্ছেন বলে ফেসবুকে ঘোষণা দেন চেয়ারম্যান মহিউদ্দিন হালদার। ব্যক্তি নামের লোগো ব্যবহার করে সরকারি ভিজিএফের চাল বিতরণ করায় উপজেলা নির্বাহী কর্মকতা মোসা. হাসিনা আক্তার তাতে বাধা দেন এবং চাল বিতরণ বন্ধ করে দেন।

করোনা প্রার্দুভাবে নিম্ন আয়ের পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর দেওয়া ১০ কেজি করে ৫০০ জনের মধ্যে চাল বিতরণের কথা ছিল। সরেজমিনে দেখা যায়, চেয়ারম্যান নিজ নামে চাল বিতরণ করেই ক্ষান্ত হননি, ৪৫ জনের নামে বিতরণকৃত ৪৫০ কেজি চাল এরই মধ্যে সরিয়ে ফেলেছেন।

চেয়ারম্যান মহিউদ্দিন হালদার বলেন, ‘আমি বন্যাকবলিত অসহায় মানুষের পাশে থেকে আমার ইউনিয়নের মানুষের ঈদ মোবারক জানিয়ে একটি স্টিকার ব্যবহার করেছি মাত্র। ইতিপূর্বে আমি নিজ অর্থায়নে অনেক সহায়তা করেছি।’

এ বিষয়ে টঙ্গীবাড়ি উপজেলা প্রকল্প-বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, নিজ অর্থায়নে চাল বিতরণ করছেন এমন মিথ্যাচারের কারণে ভিজিএফের চাল বিতরণ আপাতত বন্ধ রাখা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকতা মোসাম্মত্ হাসিনা আক্তার জানান, বিষয়টি জেনে চাল বিতরণ বন্ধ রাখা হয়েছে।