ফার্মেসি থেকে ২১ লাখ টাকা চুরি, কর্মচারী উধাও

ইত্তেফাক রিপোর্ট

রামপুরায় ফার্মেসি থেকে ২১ লাখ ৫০ হাজার টাকা চুরির ঘটনায় গতকাল হাতিরঝিল থানায় মামলা দায়ের করা হয়েছে। হাতিরঝিল থানা রামপুরা এলাকার ওয়াপদা রোডের লাইভ ফার্মেসি লিমিটেডে এই চুরির ঘটনা ঘটে। চুরির পর থেকে ফার্মেসির সহকারী ব্যবস্থাপক এস এম বায়েজীদ হাসান সেতু পলাতক রয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ জুলাই ফার্মেসির ক্যাশের চাবি এস এম বায়েজীদ হাসান সেতুর কাছে রেখে জুমার নামাজ পড়তে মসজিদে যান মালিক আনোয়ারুল ইসলাম। নামাজ শেষে এসে সেতুকে আর পাননি তিনি। এ সময় ক্যাশ বক্সে রাখা টাকা না পেয়ে কর্মচারী টিটুসহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসা করে জানতে পারেন কাউকে কিছু না বলেই সেতু দোকান থেকে বের হয়ে গেছেন। তারপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এস এম বায়েজীদ হাসান সেতু রংপুরের মিঠাপুকুরের বজুরুক শেরপুর গ্রামের শহিদুর রহমানের পুত্র।