ট্রাম্প আমার সিদ্ধান্তে হস্তক্ষেপ করেননি

মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সিদ্ধান্তে হস্তক্ষেপ করেননি। কংগ্রেসে দেওয়া এক সাক্ষ্যে এই কথা বলেন উইলিয়াম বার। তিনি তার নিরপেক্ষতার পক্ষে সাফাই গান। খবর সিএনএনের

উইলিয়াম বার গতকাল কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটিতে দেওয়া সাক্ষ্যে বলেন, ‘কোনো ফৌজদারি মামলায় প্রেসিডেন্ট ট্রাম্প হস্তক্ষেপ করেননি। স্বাধীনতা বজায় রেখেই আমি কাজ করেছি। যা ঠিক তাই করেছি’। তিনি বলেন, বিচার বিভাগের কাছে সবাই সমান। কারো প্রতি পক্ষপাতিত্ব করা হয় না। একজন অ্যাটর্নি জেনারেল হিসেবে আইনসংগতভাবেই কাজ করা উচিত। রাজনৈতিক বা ব্যক্তিগত পক্ষপাত থাকা উচিত নয়। আমি এসব বিষয় মনে রেখেই কাজ করছি, বলেন অ্যাটর্নি জেনারেল। উইলিয়াম বার আরো বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প হস্তক্ষেপ তো করেনইনি, বরং শুরু থেকেই আমাকে বিচারে নিরপেক্ষতা এবং যা সঠিক তাই করার কথা বলে এসেছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের দীর্ঘদিনের বন্ধু রজার স্টোন এবং সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেনের মামলা নিয়ে সমালোচনার মুখে পড়েন উইলিয়াম বার। এরপরই তাকে তলব করা হয়। ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত বিচার বিভাগীয় কমিটি মনে করছে, অ্যাটর্নি জেনারেল বিচারে নিরপেক্ষতা বজায় রাখেননি এবং ক্ষমতার অপব্যবহার করেছেন। কমিটির চেয়ারম্যান জেরি নাডলার বলেছেন, অ্যাটর্নি জেনারেলকে ইমপিচ করার চিন্তা করা হচ্ছে।