মানব পাচার, মানি লন্ডারিং ও ভিসা জালিয়াতির অভিযোগে কুয়েতে আটক বাংলাদেশের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের কারাবাসের মেয়াদ বেড়েছে। সম্প্রতি কুয়েতের একটি আদালত পাপুলকে ৯ আগস্ট পর্যন্ত জেলহাজতে রাখার নতুন আদেশ দিয়েছে।
কুয়েতের আরবি দৈনিক আল-কাবাসের খবরে বলা হয়েছে, সোমবার আদালতে পাপুলের আইনজীবীরা বরাবরের মতো জামিন চেয়ে আবেদন করেন। কিন্তু বিচারক আবেদন নামঞ্জুর করে এমপি পাপুল এবং অপর তিন অভিযুক্তদের ৯ আগস্ট পর্যন্ত ডিটেনশন অব্যাহত রাখার আদেশ দেন। তারা হলেন কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপসারিত কর্মকর্তা মেজর জেনারেল মাজেন আল জাররাহ এবং হাসান আবদুল্লাহ আল কাদের ও নাওয়াফ আলি আল সালাহি। তাদের বিস্তারিত পরিচয় উল্লেখ করা হয়নি।
গত ৬ জুন মানব পাচার ও অর্থ পাচারের অভিযোগে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য পাপুলকে গ্রেফতার করে কুয়েতের সিআইডি। পাপুলের বিরুদ্ধে জালিয়াতি করে কর্মী নিয়োগ, রেসিডেন্সি আইনের লঙ্ঘন ও ঘুষ দেওয়ার অভিযোগে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের কথা রয়েছে।