এবার গ্রেফতার ক্রেস্ট সিকিউরিটির পরিচালক ওহিদুজ্জামান

ক্রেস্ট সিকিউরিটি লিমিটেডের পরিচালক ওহিদুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে। মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেনে গোয়েন্দা পুলিশের রমনা জোনের ডিসি এইচ এম আজিমুল হক। তিনি বলেন, ওহিদুজ্জামানের বিরুদ্ধে অর্থ আত্মসাত্সহ বিভিন্ন জালিয়াতির অভিযোগ রয়েছে। তিনি পলাতক ছিলেন। আজ বুধবার তাকে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হবে।

গোয়েন্দা পুলিশ জানায়, ক্রেস্ট সিকিউরিটিজ লিমিটেড থেকে ওহিদুজ্জামান বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন। এ অভিযোগে তার বিরুদ্ধে পল্টন থানায় প্রতারণার অভিযোগে মামলা করেন ভুক্তভোগীরা। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। ওহিদুজ্জামান ১৪ লাখ টাকা আত্মসাত্ করেছেন বলে প্রাথমিকভাবে প্রমাণ মিলেছে। তাকে রিমান্ডে নিয়ে আত্মসাত্ করা টাকা উদ্ধারে অভিযান পরিচালনা করা হবে।

প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে গত ৬ জুলাই নোয়াখালীর মাইজদি সীমান্ত এলাকা থেকে ক্রেস্ট সিকিউরিটির চেয়ারম্যান মো. শহিদুল্লাহ ও তার স্ত্রী নিপা সুলতানাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রমনা বিভাগ।

স্টক ব্রোকারেজ ফার্ম ক্রেস্ট সিকিউরিটি লিমিটেডের পল্টন ও জনসন রোডে দুইটি অফিস রয়েছে। এছাড়াও প্রগতি সরণি, নারায়ণগঞ্জ ও কুমিল্লায় রয়েছে শাখা অফিস। গ্রেফতারকৃত আসামিরা সিকিউরিটি প্রতিষ্ঠানের নামে শত শত গ্রাহকের টাকা আত্মসাত্ করেছেন