নেপাল, পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে চীন

দক্ষিণ এশিয়ার তিনটি দেশ-নেপাল, পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ভার্চুয়াল বৈঠক করেছেন। ঐ বৈঠকের পর চীনের পক্ষ থেকে জানানো হয়, করোনা মহামারি রুখতে এবং অর্থনীতি ও বেল্ট রোড ইনিশিয়েটিভকে (বিআরআই) পুনরুজ্জীবিত করতে তারা ঐ দেশগুলোর সঙ্গে চার দফা পরিকল্পনা নিয়ে আলোচনা করেছে।

গত ১৫ মার্চ সার্কভুক্ত দেশগুলোর নেতাদের সঙ্গে কোভিড মহামারির মোকাবিলা নিয়ে আলোচনা করতে ভার্চুয়াল বৈঠক ডেকেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর প্রায় সাড়ে চার মাস বাদে অনেকটা একই ভূমিকায় দেখা গেল চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইকে, যার ডাকা বৈঠকে যোগ দিল দক্ষিণ এশিয়ার তিনটি দেশ। গতকাল বিবিসি এসব তথ্য জানিয়েছে। এদিকে কলকাতার আনন্দবাজার পত্রিকা জানায়, দ্বিতীয় দফার ৪৭টি চীনা অ্যাপ নিষিদ্ধ করা নিয়েও কড়া প্রতিবাদ জানিয়েছে বেইজিং। নয়াদিল্লিকে রীতিমতো হুমকির সুরে নয়াদিল্লিতে চীনা দূতাবাস বলেছে, ভুল শুধরে নিন। পাশাপাশি উইচ্যাটসহ চীনা অ্যাপগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আবেদনও জানিয়েছেন দূতাবাসের মুখপাত্র জি রং।