মাস্ক খুলে ফের বিতর্কে ব্রাজিলের প্রেসিডেন্ট

ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বোলসোনারো করোনাভাইরাস নিয়ে শুরু থেকেই বিতর্কে। এবার তিনি রাজধানী ব্রাসিলিয়ায় সমর্থকদের সঙ্গে সাক্ষাতের সময় মুখের মাস্ক খুলে ফেলে আবারো বিতর্কের ঝড় তুলেছেন।  প্রেসিডেন্ট বোলসোনারো মাত্রই কোভিড-১৯ থেকে সেরে উঠেছেন। গত ৭ জুলাই তার করোনা ভাইরাস পরীক্ষার ফল পজিটিভ এসেছিল। এর দু’সপ্তাহের বেশি সময় পরে গত শনিবার তিনি টুইট করে জানান, তার সর্বশেষ পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মতোই প্রেসিডেন্ট বোলসোনারো শুরু থেকে করোনার ঝুঁকিকে মোটেই পাত্তা দিতে চাননি। তিনি যে সেরে উঠেছেন তার কৃতিত্ব দিচ্ছেন ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইনকে। করোনা ভাইরাসে এই ঔষধ কাজ করে কিনা, তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে সংশয় আছে। -বিবিসি