পারিবারিক গল্পের নাটক ‘জামাই বাজার ২’

 

বৈশাখী টেলিভিশনে ঈদে প্রচারিত হবে সাত পর্বের ধারাবাহিক নাটক ‘জামাই বাজার ২’। টিপু আলম মিলনের গল্পে নাটকটি রচনা করেছেন আহসান আলমগীর। আল হাজেনের পরিচালনায় এতে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, নাদিয়া আহমেদ, অলিউল হক রুমি, রিমি করিম, জয়রাজ, শফিক খান দিলু, শেলী আহসান, হায়দার আলী প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে, দুই ভায়রা হানিমুন করতে যায় একই রিসোর্টে। যাওয়ার শুরুতেই দরিদ্র বড় ভায়রা ধনী ছোট ভায়রার কাছে অনুরোধ করে—ভাই আমার সঙ্গে আর প্রতিযোগিতা করবেন না। আপনি জানেন, আমার সামর্থ্য নাই; অযথা শ্বশুরবাড়ির লোকজনের কাছে আমাকে ছোট করে লাভ কী? কিন্তু ধনী ভাইয়েরা যার স্বভাব কথায় কথায় টাকার বড়াই করা, সে নিজেকে পাল্টাতে পারেনি। হানিমুন করতে গিয়ে একইভাবে সে রিসোর্টের গাড়ি চালক, সার্ভিস বয়, রেস্টুরেন্টের ওয়েটার সবাইকে বখশিস দিয়ে দরিদ্র ভায়েরাকে কটাক্ষ করতে থাকে। হানিমুনে বেড়াতে গিয়ে সবাইকে পোশাক কিনে দিয়ে দরিদ্র ভায়রাকে অপমানের চেষ্টা করে। অন্যদিকে দরিদ্র ভায়রার স্ত্রীও তাকে অপমান করে। বাধ্য হয়ে দরিদ্র ভায়রা নিজের ইজ্জত বাঁচানোর জন্য নানা ধরনের কূটকৌশলের আশ্রয় নেয়। ধনী ভায়রা অতি চালাকি করে নিজের বিষয়ে বাড়ি যেতে বলতে গিয়ে নিজেই ফাঁদে আটকে যায়। নিজের ফাঁদে নিজে ধরা খাওয়ার কারণে স্ত্রীর হাতে তাকে লাঞ্ছিত হতে হয়। এভাবেই দুই ভায়রার মধ্যে নানান প্রতিযোগিতার মধ্যে গল্প এগিয়ে যায়। নাটক প্রসঙ্গে নির্মাতা আল হাজেন বলেন, জামাই বাজার ধারাবাহিক এবারো দর্শকদের মুগ্ধ করবে। কারণ, যে লোকেশনে শুটিং করা হয়েছে না দেখলে বোঝা যাবে না এটা কি দেশ না বিদেশ? টিপু আলম মিলনের ব্যতিক্রমি গল্প ভাবনা দর্শকদের মনের খোরাক যোগাতে বৈশাখী টেলিভিশন বদ্ধপরিকর। ‘জামাই বাজার ২’ ধারাবাহিক নাটকটি ঈদের দিন থেকে ৭ দিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচার হবে।