বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা
বাউফলের মদনপুরা ইউনিয়নে এলজিইডির একটি ভাঙা সেতু এলাকাবাসীর গলার কাঁটায় পরিণত হয়েছে। প্রায় দেড় বছর আগে সেতুটি ভেঙে গেলেও এখন পর্যন্ত আর নির্মাণ করা হয়নি। ফলে ভাঙা সেতু দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন স্থানীয়রা।
সরেজমিনে গেলে এলাকাবাসী জানান, উত্তর দ্বিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম মদনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মদনপুরা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়, দ্বিপাশা দাখিল মাদ্রাসা, সোনামুদ্দিন মৃধা মাধ্যমিক বিদ্যালয় ও কনকদিয়া স্যার সলিমুল্লাহ স্কুল অ্যান্ড কলেজসহ একাধিক প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ এলাকাবাসী প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে সেতুটি পারাপার হচ্ছেন। উত্তর দ্বিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রুবেল, সাকিব ও অসীম জানায়, ঝুঁকিপূর্ণ সেতুটি দ্রুত পুনর্নির্মাণের দাবি জানাচ্ছি।
মদনপুরা ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, এই সেতু দিয়ে পারাপারের সময় দুর্ঘটনার শিকার হয়ে হতাহতের আশঙ্কা রয়েছে। তিনি বলেন, বিষয়টি স্থানীয় সংসদ সদস্যকে জানানোর পর তিনি এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। খুব শিগগিরই সেতুর নির্মাণকাজ শুরু হবে বলে জানান তিনি। এলজিইডির বাউফল উপজেলা প্রকৌশলী সুলতান আহমেদ বলেন, সেতুটি পুনর্নির্মাণের জন্য দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই কার্যাদেশ দেওয়া হবে।