শৈলকুপায় খাওয়ার অনুপযোগী চাল বিতরণের অভিযোগ

ভ্রাম্যমাণ প্রতিনিধি

শৈলকুপায় খাওয়ার অনুপযোগী ভিজিএফের চাল বিতরণের অভিযোগ পাওয়া গেছে। ইউনিয়ন পরিষদের মেম্বররা বলছেন, সরকারি খাদ্যগুদাম থেকে যে চাল সরবরাহ করা হয়েছে তারা তা বিতরণ করছেন। সারুটিয়া ইউনিয়নের নাদপাড়া গ্রামে সোমবার ভিজিএফের চাল বিতরণ করা হয়। দেখা যায়, গন্ধযুক্ত লাল ও কাঁকড় মিশ্রিত চাল বিতরণ করা হচ্ছে। এ বিবর্ণ চাল হতদরিদ্র মানুষকে গছিয়ে দেওয়া হচ্ছে।

সারুটিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বর মো. ওয়াজেদ আলি জানান, শৈলকুপা সরকারি খাদ্যগুদাম থেকে মানুষের খাবার অনুপযোগী এ চাল সরবরাহ করা হয়েছে। এ চাল দরিদ্র মানষের মধ্যে বিতরণ করা হয়েছে।  শৈলকুপা উপজেলার ধলহরা চন্দ্র ইউনিয়নের সচিব শরিফুল ইসলাম জানান, তার ইউনিয়নে সরবরাহকৃত চালের মধ্যে কিছু চাল মানুষের খাবার অনুপযোগী ছিল। এ চাল ভিজিএফের কার্ডধারীদের মধ্যে বিতরণ করা হয়েছে। জেলা খাদ্যনিয়ন্ত্রক মো. আনোয়ার হোসেন শেখ জানান, হরিণাকুণ্ড খাদ্যগুদাম থেকে শৈলকুপা খাদ্যগুদামে ১০০ টন চাল পাঠানো হয়েছে। ঝিনাইদহ খাদ্যগুদামে আরো ১০০ টন চাল আনা হয়। এ চাল অনেক দিন গুদামে মজুত ছিল। এরমধ্যে কিছু চাল নষ্ট হতে পারে। তিনি বলেন, মানুষের খাবার অনুপযোগী চাল বিতরণ না করে গুদামে ফেরত আনতে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে বলে জানান উক্ত খাদ্য কর্মকর্তা।