চট্টগ্রামে ইয়াবাসহ দুই যুবক আটক

চট্টগ্রাম অফিস

অভিযান চালিয়ে ১ হাজার ৯৭৫ পিস ইয়াবাসহ মো. তৈয়ব আলী ও মো. নুর আলম নামে দুই যুবককে আটক করেছে র্যাব। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। গতকাল বুধবার নগরীর বহদ্দারহাট মোড় থেকে তাদের আটক করা হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বহদ্দারহাট মোড়ের স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের সামনে অভিযান চালানো হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় র্যাব সদস্যরা ধাওয়া করে উক্ত দুই জনকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ১ হাজার ৯৭৫ পিস ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটক আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।