মাল্টায় উদ্ধার করা অভিবাসনপ্রত্যাশীদের ৬৫ জনই করোনা আক্রান্ত

বিবিসি

ভূমধ্যসাগর থেকে মাল্টার কোস্ট গার্ড কর্তৃক উদ্ধার হওয়া ৯৪ অভিবাসনপ্রত্যাশীর মধ্যে ৬৫ জনই করোনা ভাইরাসে আক্রান্ত। তীরে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তাদের শারীরিক নমুনা পরীক্ষা করা হয়েছিল। এতে ২০ জনের ফলাফল নেগেটিভ এসেছে। বাকি ৯ জনের খবর এখনো আসেনি।

টানা ৩০ ঘণ্টা সাগরে ভেসে থাকার পর সম্প্রতি মাল্টার কোস্ট গার্ড এসব অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে। তারা ইরিত্রিয়া, মরক্কো ও সুদানের নাগরিক বলে ধারণা করা হচ্ছে। জানা গেছে, ৯৪ অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে লিবিয়া থেকে যাত্রা শুরু করেছিল নৌকাটি। কিন্তু মাঝপথে হঠাত্ নৌকায় পানি উঠতে শুরু করে। পরে বিপত্সংকেত পাঠানোর পর তাদের উদ্ধার করে মাল্টার কোস্ট গার্ড। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনায় আক্রান্ত অভিবাসনপ্রত্যাশীদের আইসোলেশন সেন্টারে রাখা হচ্ছে। বাকিদেরও কোয়ারেন্টাইনে রেখে নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ৬৫ জনের করোনা শনাক্ত হওয়ার ঘটনা মাল্টায় এক দিনে সর্বোচ্চ রোগী শনাক্তের রেকর্ড।