দক্ষিণ কোরিয়া থেকে ১৫০টি মিটারগেজ কোচ আনছে রেল

বিশেষ প্রতিনিধি

দক্ষিণ কোরিয়া থেকে ১৫০টি যাত্রীবাহী মিটারগেজ কোচ আনতে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ রেলওয়ে। গতকাল বুধবার এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয় বলে রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, রেলভবনের সম্মেলন কক্ষে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজনের উপস্থিতিতে ‘বাংলাদেশ রেলওয়ের জন্য ২০টি মিটারগেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ, ১৫০টি মিটারগেজ যাত্রীবাহী ক্যারেজ সংগ্রহ প্রকল্পের  আওতায় ১৫০টি মিটারগেজ যাত্রীবাহী ক্যারেজ সংগ্রহ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে বাংলাদেশ রেলওয়ের পক্ষে স্বাক্ষর করেন প্রকল্প পরিচালক হাসান মনসুর ও দক্ষিণ কোরিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান সুংশিন আরএসটি-পসকো ইন্টারন্যাশনালের কান্ট্রি ম্যানেজার।

১৫০টি মিটারগেজ যাত্রীবাহী ক্যারেজের চুক্তিমূল্য ৬৫৮ কোটি ৮১ লাখ ৩০ হাজার ০৬৩.৯০ টাকা। প্রকল্পটি দক্ষিণ কোরিয়ার এক্সিম ব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। চুক্তি স্বাক্ষরের দিন থেকে ১৮ থেকে ৩০ মাসের মধ্যে কোচগুলোর সরবরাহ পাওয়া যাবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, দক্ষিণ কোরিয়া আমাদের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী দেশ। রেলওয়েসহ বিভিন্ন ক্ষেত্রে তারা সহযোগিতা করছে। এ কোচগুলো রেলবহরে যুক্ত হলে বেশি সেবা দেওয়া সম্ভব হবে। যাত্রীরা এর সুফল ভোগ করবেন।

রেলপথমন্ত্রী জানান, এসব যাত্রীবাহী ক্যারেজের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে—এগুলোর বডি স্টেইনলেস স্টিলের। থাকবে বায়ো-টয়লেট, স্বয়ংক্রিয় এয়ার ব্রেক ব্যবস্থা, স্বয়ংক্রিয় স্লাইডিং ডোরসহ আধুনিক সুবিধা। প্রত্যেক কোচে থাকবে শীতাতপনিয়ন্ত্রিত স্লিপিং বার্থ ৩০টি, শীতাতপনিয়ন্ত্রিত চেয়ারকোচ ৩৮টি, শোভন চেয়ার মোট ৪৪টি, খাবার গাড়িসহ শোভন চেয়ারকোচ ১৬টি, পাওয়ার গাড়িসহ শোভন চেয়ারকোচ ১২টি, রাষ্ট্রীয় পরিদর্শনের জন্য বুলেটপ্রুফ গাড়ি একটি, খাবার গাড়ি একটি, পাওয়ার গাড়ি একটি ও পরিদর্শন কার একটি। রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামানসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।