হাঁটতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল অধ্যাপকসহ দুই জনের

রামুতে ফজরের নামাজ শেষে প্রতিদিনের মতো রাস্তার পাশে হাঁটছিলেন অধ্যাপক শফিউল আলমসহ (৫৫) তিন জন। এ সময় একটি মাছ বোঝাই মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই দুই জন মারা যান। এছাড়াও বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরো এক শিক্ষক ও ব্যবসায়ীসহ সাত জন নিহত হয়েছেন। গতকাল বুধবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—

রামু (কক্সবাজার) : রামুতে নিহত অধ্যাপক শফিউল আলম কক্সবাজার সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান। নিহত অপর জন হলেন জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মাহাবুব মোর্শেদ আমিন (৫৬)। এ দুর্ঘটনায় জোয়ারিয়ানালা এইচ এম সাঁচী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বোরহান উদ্দিন (৫৫) গুরুতর আহত হয়েছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স বলেন, দুর্ঘটনার পরই গাড়িটি ঘটনাস্থলে রেখে পালিয়ে যান চালক। অধ্যাপক শফিউল আলম কক্সবাজার কেজি স্কুলের সিনিয়র শিক্ষক লুত্ফুন্নাহারের স্বামী।

চাঁদপুর ও শাহরাস্তি : চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি কাকৈরতলা এলাকায় পদ্মা পরিবহনের একটি বাস ও সিএনজিচালিত       অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালকসহ তিন জন নিহত ও তিন জন আহত হয়েছেন। গতকাল উপজেলার টামটা উত্তর ইউনিয়নের কাকৈরতলা ঈদগা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন শাহরাস্তি উপজেলার টামা ইউনিয়নের অটোচালক মনির হোসেন (৩৫), যাত্রী ফেনী জেলার সোনাগাজী উপজেলার চরপন্ডিয়া গ্রামের গুণধর চক্রবর্তী (৭০) ও নোয়াখালী জেলার চর আমান উল্লাহ এলাকার হরি চন্দ্র চক্রবর্তী (৫৫)।

মিঠাপুকুর (রংপুর) : মিঠাপুকুরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দু্ই জন নিহত হয়েছেন। গতকাল ঢাকা-রংপুর মহাসড়ক উপজেলার জায়গীর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন বগুড়া জেলা সদরের সিরাজুল ইসলাম (৩৫) ও একই জেলার রিয়াকান্দি উপজেলার সাইমুদ্দিন (৬০)। জানা গেছে, বগুড়া থেকে নীলফামারী জেলায় ট্রাকে করে গরু কিনতে যাচ্ছিলেন ব্যবসায়ী সাইমুদ্দিন। ট্রাকটি সকাল ৯টার দিকে জায়গীর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে রংপুরগামী অন্য একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের ড্রাইভার সিরাজুল ও গরু ব্যবসায়ী সাইমুদ্দিন মারা যান।

কালীগঞ্জ (ঝিনাইদহ) : কালীগঞ্জে গতকাল সড়ক দুর্ঘটনায় তাহাজ্জেল হোসেন (৫২) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। তিনি যশোর শহরের খড়কী পাড়ার মহিউদ্দিনের ছেলে। এ সময় আহত হয়েছেন আরো অন্তত পাঁচ জন। উপজেলার নলডাঙ্গা বাজার থেকে কালীগঞ্জ আসার পথে কাদিডাঙ্গা মোড়ে শ্যালোইঞ্জিনচালিত নসিমন উলটে ইঞ্জিনের গরম পানিতে পুড়ে ছয় জন দগ্ধ হন। থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে শিক্ষক তাহাজ্জেল হোসেন মারা যান।

কামারখন্দ (সিরাজগঞ্জ) : কামারখন্দে বাসের ধাক্কায় সোলাইমান (৩০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার জগতগাঁতী গ্রামের মৃত আব্দুল হাই শেখের ছেলে। গতকাল বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে ওভারব্রিজের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।