এক দিনে পরীক্ষা ও শনাক্ত বেড়েছে

দেশে এক দিনে করোনা ভাইরাস পরীক্ষা ও শনাক্ত বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ১২৭ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৯ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ৩০ শতাংশ। মঙ্গলবার ১২ হাজার ৭১৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ২ হাজার ৯৬০ জন। দেশে এ পর্যন্ত মোট ১১ লাখ ৫১ হাজার ২৪৮ জনের নমুনা পরীক্ষায় ২ লাখ ৩২ হাজার ১৯৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ১৭ শতাংশ।

গতকাল বুধবার            দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৮৭৮ জন। মঙ্গলবারের চেয়ে গতকাল ১ হাজার ১৪৭ জন বেশি সুস্থ হয়েছেন। মঙ্গলবার সুস্থ হয়েছিলেন ১ হাজার ৭৩১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৩০ হাজার ২৯২ জন। গতকাল শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৬ দশমিক ১১ শতাংশ। আগের দিন এই হার ছিল ৫৫ দশমিক ৫৯ শতাংশ। আগের দিনের চেয়ে গতকাল সুস্থতার হার শূন্য দশমিক ৫২ শতাংশ বেশি।

ডা. নাসিমা সুলতানা জানান, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩৫ জন মারা গেছেন। মঙ্গলবারও ৩৫ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মারা গেছেন ৩ হাজার ৩৫ জন। শনাক্তের বিবেচনায় গতকাল মৃত্যুর হার ১ দশমিক ৩১ শতাংশ। আগের দিনও এই হার ছিল ১ দশমিক ৩১ শতাংশ। অতিরিক্ত মহাপরিচালক জানান, ‘করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ২৫৩ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১৩ হাজার ৭০ জনের। মঙ্গলবারের চেয়ে গতকাল ১ হাজার ১৮৩টি নমুনা বেশি সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের ৮২টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ১২৭ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১২ হাজার ৭১৪ জনের। গত ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়ে ১ হাজার ৪১৩টি বেশি নমুনা পরীক্ষা হয়েছে।