বিএনপিকে বন্যা উপদ্রুত এলাকায় যাওয়ার আহ্বান মতিয়া চৌধুরীর

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, বিনয়ের সঙ্গে জিজ্ঞাসা করতে চাই, বিএনপি কী করছে? কোন কাজটা করছে তারা বলুক! উপদ্রুত এলাকায় যান। আওয়ামী লীগের কর্মীরা কি ঘুমাইয়া আছে? আওয়ামী লীগের কর্মীরা কি এলাকা ছেড়ে দিয়েছে? দেখেন; তারা তাদের সব শক্তি নিয়ে জনগণের পাশে আছেন। গতকাল বুধবার বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক অনির্ধারিত বৈঠক শেষে তিনি এ সব কথা বলেন। এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্মসাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, শফিউল আলম চৌধুরী নাদেল, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কার্যনির্বাহী সদস্য শাহাবুদ্দিন ফরাজী, উপদফতর সম্পাদক সায়েম খান।

মতিয়া চৌধুরী বলেন, করোনা ভাইরাস দুর্যোগ ও বন্যাকবলিত এলাকায় সাধারণ মানুষের সহায়তার কোনো কমতি নেই। সরকার, আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী ও স্থানীয় প্রতিনিধিরা ত্রাণকার্যে অংশ নিচ্ছে।

জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘আমরা এখন একটি নতুন পরিস্থিতিতে মুখোমুখি হয়েছি। একদিকে করোনাকালীন সময়, আরেকদিকে বন্যাকবলিত এলাকা। আমরা একমাত্র রাজনৈতিক দল যারা এই করোনার ভয়কে জয় করে এই বন্যাকবলিত মানুষের পাশে থেকে দাঁড়ানো শুরু করে ধানকাটার মহোত্সবও কাজ করেছি।’