হেমিংওয়ের একুশে জুলাই

 

কিউবান চুরুটের ধোঁয়ায় যখন সন্ধ্যা নামে সুদূর পশ্চিমে—

মায়াবী ও অপার্থিবের আতিশয্যে প্রকৃতির পায়ে

আজো কি ওঠে না বেজে একজোড়া অচেনা ঘুঙুর?

ঘোরের ভেতরে আজো কি ওঠে না জেগে ঘূর্ণিস্রোত?

 

হেমিংওয়ে জানতেন অন্ধকার সমুদ্রের স্বাদ, ক্যারিবিয়ান বেসিনের 

লোনা জল, ভাসমান দ্বীপের কুহক। ফিশিংয়ের অভিজ্ঞতা ছিল তাঁর

কি-ওয়েস্টের স্রোতে, বিমিনি ও হাভানায়। সেই কবে চুরুটের পাশে

স্বপ্ন, শব্দ-স্রোত ও জলের গন্ধ অমরত্ব দিয়েছিল তাঁকে। সেই কথা

সমুদ্র রেখেছে মনে, একুশে জুলাই, চুরুটের ধোঁয়া আর জলের নূপুর

 

আমরা গিয়েছি ভুলে ওক পার্ক, ইলিনয়। অন্তিমে আইডাহোর বিষণ্ন দুপুর।