আগুনের সর্পিল ডানায় ওড়ে অন্ধ প্রজাপতি
ফুল কই? কেবলই পত্রশূন্য জরাজীর্ণ ডাল
কী নির্মম দীর্ঘ মহাকাল, জীবন ফুরিয়ে যায়
বিহ্বল স্বপ্নেরা দাপাদাপি করে মরে
অন্ধ বন্ধ আগুন খাঁচায়
কী নিঃসঙ্গ এ জীবন প্রিয় স্পর্শের বাইরে থাকে
চিরকাল বসন্তের রঙ
গোলাপের নিচে কেঁদে মরেছেন দুঃখী কবি আবুল হাসান
এভাবেই প্রিয় ছাড়া দীর্ঘ অপেক্ষার যাপন
এভাবেই নৈঃশব্দ্যের ভেতর স্বপ্নমৃত্যু প্রসারণ
মেঘের জানালা খুলে উড়ে যায় প্রসন্ন দুপুর
পথ ভুলে কোথাও ফেরে না আর অন্ধ প্রজাপতি
এভাবেই স্মৃতি থেকে গল্পের পাখিরা উড়ে যায়
আর এভাবেই দিনগুলো রাতগুলো তোমাদের উঠোনের
পুরোনো আঁধারে ভিজে যায়