জেলার ঘিওর ও শিবালয় উপজেলায় বানভাসি, নদী ভাঙনের শিকার ও দরিদ্র ৫ হাজার ৯০০ মানুষের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয় বুধবার প্রধানমন্ত্রী প্রদত্ত এ উপহার বিতরণ করেন। এছাড়া ঘিওর উপজেলা মুক্তিযোদ্ধা কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধনসহ ঘিওর আলিয়া মাদ্রাসায় আশ্রয় প্রকল্পের অসহায় বানভাসি পরিবারের মধ্যে খাবার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মো. হাবিবুর রহমান হাবিব, উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আশরাফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ইকরামূল ইসলাম খবির প্রমুখ।