সিদ্ধিরগঞ্জের শিমরাইলে ডেমরা-আদমজী ইপিজেড-নারায়ণগঞ্জ সড়কের একটি অংশ দুই মাস যাবত্ বন্ধ রয়েছে। ব্যস্ততম এই সড়কের মাটির নিচ দিয়ে ডিএনডির পানি নিষ্কাশনের জন্য বক্স চ্যানেল নির্মাণ করা হচ্ছে। রাস্তাটি টিনের বেড়া দিয়ে সম্পূর্ণভাবে বন্ধ করে মাটি কাটা হয়েছে। হাঁটাচলার বিকল্প পথ না থাকায় এই পথে চলাচলকারী জনসাধারণকে অনেকটা পথ হেঁটে মার্কেটের গলিপথ মাড়িয়ে ঢাকা-চট্টগ্রাম সড়কের শিমরাইল মোড়ে পৌঁছতে হয়। এতে সাধারণ যাত্রীদের সময় ও অর্থের অপচয় হচ্ছে। ডিএনডির নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের পরিচালক লে. কর্নেল মো. মাশফিকুল আলম ভূঁইয়া জানান, পাম্পের পানি নদীতে ফেলতে সড়কের নিচ দিয়ে বক্স চ্যানেল নির্মাণ করা হচ্ছে। শীতলক্ষ্যার পানি বাড়ায় পাইলিং করতে সমস্যা হওয়ায় দ্রুত কাজটি শেষ করা যাচ্ছে না।