স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসনিক কর্মকর্তার ৯ কোটি টাকা পাচার বন্ধ করল দুদক

স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসনিক কর্মকর্তা মুন্সী সাজ্জাদ হোসেনের ৯ কোটি টাকা পাচারের চেষ্টা বন্ধ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজের স্বাক্ষরে এক জরুরি পত্রের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউকে এই অর্থ অবরুদ্ধ বা ফ্রিজ করার অনুরোধ করা হয়। পত্রে স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসনিক কর্মকর্তা মুন্সী সাজ্জাদ হোসেন, তার ভাই মুন্সী ফারুক হোসেন, আব্দুল্লাহ আল মামুন এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের নামে থাকা এফডিআর, সঞ্চয়পত্র এবং ব্যাংক হিসাবের লেনদেন ফ্রিজ করার অনুরোধ জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসনিক কর্মকর্তা মুন্সী সাজ্জাদ হোসেনের দুর্নীতির বিষয়টি দুদকের উপপরিচালক মো. সামছুল আলমের নেতৃত্বে ৬ সদস্যের টিম অনুসন্ধান করছে। পরস্পর যোগসাজশে বিভিন্ন হাসপাতালে মেডিক্যাল যন্ত্রপাতি সরবরাহের নামে শত শত কোটি টাকা আত্মসাত্ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে মুন্সী সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে।

দুদক সূত্র জানায়, প্রাইম ব্যাংক, ইব্রাহিমপুর শাখাসহ বিভিন্ন ব্যাংকে থাকা এফডিআর, সঞ্চয়পত্র ভাঙিয়ে এবং ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন করে অন্যত্র স্থানান্তর এবং পাচার করার চেষ্টা করছিলেন মুন্সী সাজ্জাদ হোসেন।