দক্ষিণ চট্টগ্রামের ৬০ গ্রামে ঈদ আজ

দক্ষিণ চট্টগ্রামে শাহ সুফি মমতাজিয়া ও মির্জাখীল দরবারের অনুসারীর ৬০ গ্রামে আজ শুক্রবার পশু কোরবানি দিয়ে পবিত্র ঈদুল আজহা উত্সব পালন করছেন। দীর্ঘদিন ধরে এসব দরবারের অনুসারীরা সৌদি আরবের সঙ্গে তাল মিলিয়ে মুসলমানদের এ দুইটি প্রধান ধর্মীয় উত্সব পালন করে আসছেন। এ উপলক্ষ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে সকাল ৮ এবং ৯টার সময় কাঞ্চননগরস্থ দরবার শরিফ ময়দানের দরবারের পীরজাদা আলহাজ মোহাম্মদ আলী শাহ (ম.জি.আ) এবং সাহেবজাদা মতিমিয়া মনসুরের ঈমামতিতে দুইটি পৃথক ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে। যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য আশেকে ভক্তদেরকে আহ্বান জানানো হয়েছে।

বরিশাল অফিস জানায়, বরিশাল জেলা ও মহানগরীর দেড় হাজার পরিবারে আজ শুক্রবার ঈদুল আজহা পালিত হবে। দেড় হাজার পরিবারের হাজারো ধর্মপ্রাণ মুসল্লি আজ সকাল ৯টায় জেলা ও মহানগরীর ছয়টি জামাতে ঈদের নামাজ আদায় করবেন। তারা সকলেই চট্টগ্রামের রওশনহাট দরবার শরিফের কাদেরিয়া চিশতিয়া জাহাগিরিয়া তরিকার অনুসারী। সৌদি আরবসহ বিশ্বের অন্য দেশের সঙ্গে মিল রেখে একই দিনে দুটি ঈদসহ যাবতীয় ধর্মীয় আচার্য পালন করেন তারা। এই তরিকার অনুসারী বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাঁজকাঠী এলাকার মো. মতিন সিকদার জানান, তারাই (কাদেরিয়া চিশতিয়া জাহাগিরিয়া তরিকার অনুসারী) বিশ্বের অন্য দেশের সঙ্গে একই দিনে ঈদ উদ্যাপন করেন। বরং বাংলাদেশে এক দিন পর দুটি ঈদসহ অন্য ধর্মীয় রীতি পালন করা হয় বলে দাবি তার। মতিন সিকদার জানান, কাদেরিয়া চিশতিয়া জাহাগিরিয়া তরিকার অনুসারীদের জন্য আজ শুক্রবার নগরীতে তিনটি এবং জেলার বাবুগঞ্জ উপজেলায় তিনটি পৃথক ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাঁজকাঠী মমতাজিয়া জামে মসজিদ, দক্ষিণ সাগরদী মমতাজিয়া জামে মসজিদ ও টিয়াখালী চৌধুরীবাড়ি মমতাজিয়া জামে মসজিদ এবং বাবুগঞ্জের মাধবপাশা দুয়ারীবাড়ী মমতাজিয়া জামে মসজিদ, ভেটেরিনারি কলেজসংলগ্ন সিকদারবাড়ি মমতাজিয়া জামে মসজিদে ও কেদারপুর হাওলাদারবাড়ি মমতাজিয়া জামে মসজিদে সকাল ৯টায় একযোগে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ছয়টি জামাতে দুই উপজেলার দেড় হাজার পরিবারের অন্তত ১ হাজার মুসল্লি ঈদের জামাতে অংশগ্রহণ করবেন বলে তিনি জানান। ঈদের নামাজের পরপরই সবাই পশু কোরবানি করবেন বলে জানান এই তরিকার অন্যতম নেতা মো. মতিন সিকদার।