ক্রেতা-বিক্রেতা আর পশুতে ভরে উঠছে পঞ্চগড় জেলার কোরবানির পশুর হাট। জেলার ১৩টি কোরবানির পশুর হাটের একই অবস্থা। শেষ মুহূর্তে কোরবানির পশুর কেনাকাটা জমে উঠেছে। প্রচুর পরিমাণে গরু-ছাগল উঠেছে হাটগুলোতে। অন্যান্য বছরের তুলনায় এবার গরুর দাম কিছুটা কম বলে জানিয়েছেন ক্রেতারা। আর বিক্রেতারা বলছেন লাভ নয় গরু বিক্রি করে আসলই উঠছে না। এদিকে করোনা পরিস্থিতিতে পশুর হাটগুলোতে স্বাস্থ্যবিধি মানাসহ বিভিন্ন সরকারি নির্দেশনা থাকলেও তার কোনোটিই মানা হচ্ছে না। পশুর হাট থেকে কারো মাধ্যমে করোনা ছড়িয়ে পড়লে তা ভয়াবহ আকার ধারণ করতে পারে সেই শঙ্কা রয়েছে। বৃহস্পতিবার জেলার বোদা উপজেলার বৃহত্ নগরকুমারী হাটে গিয়ে দেখা গেছে ভিড়ের ঠেলায় হাটাই যাচ্ছে না। হাটের জায়গায় স্থান সংকুলান না হওয়ায় সড়কের ওপর উঠে এসেছে পশুর হাট। পঞ্চগড় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মজিদ জানান, আসন্ন কোরবানির জন্য জেলায় ৫০ হাজার পশু চাহিদা রয়েছে। এখানে চাহিদার কোনো ঘাটতি হবে না।
মাগুরায় শেষ মুহূর্তে জমে উঠেছে পশুর হাট
মাগুরা প্রতিনিধি জানান, শেষ মুহূর্তে কোরবানির পশুর হাট জমে উঠছে। পশুর আমদানি ভালো হওয়ায় ক্রেতাদের ভীড় বাড়ছে। এ বছর জেলার রামনগর, কাটাখালী, আলমখালী, আলোকদিয়া, বেথুলিয়া, নহাটা, আড়পাড়া, সীমাখালী, সারঙ্গদীয়া, লাঙ্গলবাধ প্রভৃতি স্থানে কোরবানির পশুর হাট বসেছে।
সৈয়দপুরে খামার-অনলাইনে গরু ক্রয়ে আগ্রহ
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা জানান, সৈয়দপুরের ক্রেতারা কোরবানির গরু কিনতে হাটবাজারে আগ্রহ দেখাচ্ছেন না। ক্রেতারা খামারে ও অনলাইনে গরু কিনতে আগ্রহী বেশি। ফলে দাম যাই হোক শেষ মুহূর্তে গরুর খামারগুলোতে ভীড় বাড়ছে। অনেকে ফেসবুকভিত্তিক বিভিন্ন পেজ ও গ্রুপে পোস্ট করা কোরবানির পশু পছন্দ করে মোবাইল ফোনেই সেরে নিচ্ছেন দর-দাম।
মাদারীপুরে জমে উঠছে না পশুর হাট
মাদারীপুর প্রতিনিধি জানান, করোনাসহ নানা কারণে মাদারীপুরের কোরবানির পশুর হাট জমে উঠছে না। গুরু-ছাগলের মালিক ও ব্যাপারীরা চরম দুঃচিন্তায় দিন কাটাচ্ছে।
হাতিয়ায় পশুর হাটে জরিমানা
হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা জানান, তমরদ্দি বাজার, চৌমুহনী বাজার ও আফাজিয়া বাজারে কোরবানির পশুর হাটে সামাজিক দূরত্ব রক্ষা না করায় বুধবার বিকালে দুই ইজারাদারকে ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিম।