টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলের ১০ হাজার বৃক্ষ চারা নিধনের হোতা শামসুল হক ফরিদকে বুধবার রাতে গ্রেফতার করা হয়েছে। দোখলার কালাবাজার থেকে অরনখোলা ফাঁড়ির পুলিশ তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। অরনখোলা ফাঁড়ির ইনচার্জ এবং পুলিশ ইন্সপেক্টর হাসান মোস্তফা খবরটি নিশ্চিত করেছেন।
মধুপুর থানার ওসি তারিক কামাল জানান, মধুপুর বনাঞ্চলের দোখলা রেঞ্জের সদর বিটের ১০ একর সংরক্ষিত বনভূমির ১০ হাজার আকাশমনি জাতের গাছের চারা গত ২২ জুলাই শামসুল হক ফরিদের নেতৃত্বে দুর্বৃত্তরা কেটে সাবাড় করে। এ ঘটনায় দোখলা রেঞ্জ অফিসার আব্দুল আহাদ ২৩ জুলাই মধুপুর থানায় মামলা দায়ের করেন।
গত ২৪ জুলাই দৈনিক ইত্তেফাকে ‘মধুপুরে সংরক্ষিত বনভূমির ১০ হাজার চারা নষ্ট’ শিরোনামে খবর প্রকাশিত হয়।