খুলনায় মো. বাচ্চু শেখ নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে নগরীর আড়ংঘাটা থানার তেলিগাতী মধ্যপাড়াস্থ নিজ ঘরে তাকে হত্যা করা হয়। নিহত বাচ্চু শেখ তেলিগাতী গ্রামের আমজাদ শেখের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাচ্চু শেখ বুধবার রাতে নিজ ঘরে ঘুমিয়েছিলেন। ভোরের দিকে দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারাল ছুরি দিয়ে গলা কেটে তাকে হত্যা করে। এ সময় চিত্কার শুনে পাশে থাকা তার স্ত্রী জেগে উঠলে হত্যাকারীরা তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে তিনি অচেতন হয়ে পড়েন।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রেজাউল করিম রেজা বলেন, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। তবে প্রকৃত ঘটনা উদঘাটন ও হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।