সিরি’আ শিরোপাজয়ী জুভেন্তাস ক্যালিয়ারির বিপক্ষে ২-০ ব্যবধানে হেরেছে। শেষ সাত ম্যাচে এ নিয়ে তৃতীয় হারের কবলে পড়ল দলটি। তবে এ হারে দুশ্চিন্তার কিছু নেই বলে জানিয়েছেন দলটির কোচ মাউরিজিও সারি। জুভেন্তাসের সিরি’আ শিরোপা জেতা হয়ে গেছে আগেই। তবুও চ্যাম্পিয়ন্স লিগের আগে ‘ম্যাচ প্রস্তুতির’ কারণে এ ম্যাচের কিছুটা গুরুত্ব ছিল বৈকি! এমন ম্যাচে অষ্টম ও ৪৫তম মিনিটে স্বাগতিক ফরোয়ার্ড লুকা গ্যাগলিয়ানো আর জিওভানি সিমিওনের গোলে হার নিশ্চিত হয় জুভেন্তাসের। এর প্রতিক্রিয়ায় সারি ক্ষোভ ঝাড়েন সূচির ওপর। বলেন, ‘মৌসুমে ৪০ গোল হজম করাটা হয়তো দুশ্চিন্তার, কিন্তু আজকের ম্যাচটা নয়। আমাদের বেশ কিছু খেলোয়াড়ের চোট ছিল এবং মাত্র ৬৮ ঘণ্টা আগেই শিরোপা জিতেছিলাম। আর তাই এ ম্যাচটা অস্বাভাবিক হয়ে পড়েছিল।’
রবিবার রাতে লিগে নিজেদের শেষ ম্যাচে জুভেন্তাস আতিথ্য দেবে রোমাকে। সে ম্যাচে অনূর্ধ্ব ২৩ দলকে নামিয়ে দেওয়ার কথাও ভাবছেন ৬২ বছর বয়সি এ কোচ। তিনি বলেন, ‘আমাদেরকে আরো নিখুঁত হতে হবে এটা নিশ্চিত। কিন্তু আমরাই ইউরোপে একমাত্র দল যারা শেষ ১২ দিনে পাঁচটা ম্যাচ খেলেছি। লিগ কর্তৃপক্ষ আমাদের বড় সমস্যার মুখেই ফেলে দিয়েছে।’