ইংল্যান্ডের টেস্ট দলের হাতে যেন দম ফেলারও সময় নেই। গোটা বিশ্বে যখন ক্রিকেট একরকম থমকে আছে, সেখানে সদ্যই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন টেস্টের সিরিজ খেলা ইংল্যান্ড দল আগামী পাঁচ আগস্ট পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে মাঠে নামবে। তৃতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে সহজেই হারানো দলে কোনো পরিবর্তন আনেনি ইংল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য ১৪ সদস্যের সেই দলই দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ওল্ড ট্রাফোর্ডেই গত সোমবার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ২-১ ব্যবধানে তিন ম্যাচের সিরিজ জিতে নেয় ইংল্যান্ড। বিজয়ী সেই দলের সঙ্গে স্কোয়াডে আছেন জ্যাক ক্রলি, স্যাম কারান ও মার্ক উড। বেন স্টোকস বোলিং না করায় এই টেস্টে একজন বোলার বেশি নিয়ে খেলেছিল ইংল্যান্ড। সিরিজ জয়ের পর বাড়িতে যাওয়ার অনুমতি পেয়েছিলেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। আগামী রোববার ফিরলে প্রত্যেকের করোনা ভাইরাস পরীক্ষা করানো হবে। তিন টেস্টেও এই সিরিজও হবে জীবাণুমুক্ত পরিবেশে, দর্শকশূন্য স্টেডিয়ামে।
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের ইংল্যান্ড দল : জো রুট (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জফ্রা আর্চার, ডম বেস, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জশ বাটলার, জ্যাক ক্রলি, স্যাম কারান, অলি পোপ, ডম সিবলি, বেন স্টোকস, ক্রিস ওকস ও মার্ক উড। রিজার্ভ : জেমস ব্রেসি, বেন ফোকস, ড্যান লরেন্স, জ্যাক লিচ।