করোনার কারণে এবার জার্মানির অর্থনীতিতে রেকর্ড সংকোচন

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে এবার জার্মানির অর্থনীতিতেও ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলেছে। দেশটির অর্থনীতিতে দেখা দিয়েছে রেকর্ড মাত্রায় সংকোচন। বছরের দ্বিতীয় প্রান্তিকে অর্থনীতি ১০ দশমিক ১ শতাংশ কমে গেছে। বৃহস্পতিবার দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত নতুন তথ্য-উপাত্তে এ কথা বলা হয়েছে।

জাতীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, মূলত ব্যবসায় বিনিয়োগ ও রপ্তানিতে ধস নামায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। আর এ কারণে সেখানকার মানুষের জীবনযাত্রার মানও নেমে গেছে। ফলে সাধারণ মানুষ তাদের পারিবারিক ব্যয় কমিয়ে আনতে বাধ্য হয়েছে। এপ্রিল থেকে জুন মাসে পণ্য ও পরিষেবায় মোট উত্পাদন কমে যাওয়ায় ঐ সংকোচন হয়েছে। সংস্থাটি আরো জানিয়েছে, ১৯৭০ সালের পর  ত্রৈমাসিক প্রবৃদ্ধি এভাবে আর কখনো কমেনি। সংকোচনের এ হার আগের তিন মাসের তুলনায় ২ শতাংশ কম। দেশটির অর্থনীতিবিদরা এ নিয়ে পূর্বাভাস দিয়েছিলেন, বর্তমান মহামারি যেভাবে বিভিন্ন দেশের অর্থনীতিকে গ্রাস করে ফেলছে তার প্রভাব ইউরোপের এ দেশটিতেও এসে পড়বে। তবে তখন তারা বলেছিলেন, সংকোচনের এ হার হয়তো ৯ শতাংশ হবে। কিন্তু তাদের ভবিষ্যদ্বাণীও এখানে টিকল না।

ডেকাব্যাংকের অর্থনীতিবিদ আন্দ্রেস শোয়ারল বলেন, ‘এখন এটা আনুষ্ঠানিক ব্যাপার যে অর্থনীতিতে শতাব্দীর মন্দা চলছে। শেয়ারবাজারে ধস আর তেলের মূল্য সংকটেও এখন পর্যন্ত যেটা অসম্ভব ছিল তা করোনা নামে ১৬০ ন্যানোমিটারের ক্ষুদ্র একটি জীবাণু করে দেখাল।’ কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর দেওয়া তথ্য-উপাত্তে দেখা যাচ্ছে, বিগত এপ্রিল থেকে জুন পর্যন্ত ইউরোপের সর্ববৃহত্ অর্থনীতির দেশ জার্মানিতে মোট দেশজ উত্পাদন (জিডিপি) ১১ দশমিক ৭ শতাংশ কমেছে। বার্তা সংস্থা রয়টার্স বিশেষজ্ঞদের নিয়ে করা জরিপে অবশ্য এ সংখ্যা কম বলেছিল। তখন এ সংখ্যা ১১ দশমিক ৩ শতাংশ বলা হয়েছিল।