খুলনায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী মিনা কামাল নিহত

গতকাল বৃহস্পতিবার ভোরে বাগেরহাট জেলার রামপাল উপজেলায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে খুলনার রূপসা উপজেলার শীর্ষ সন্ত্রাসী ও নৈহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল ওরফে মিনা কামাল ওরফে ফাটাকেষ্ট (৫৫) নিহত হয়েছেন। নিহত মিনা কামাল রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মৌলভী মিনাজউদ্দিনের ছেলে ও খুলনা জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী।

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রওশনুল ফিরোজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে র্যাবের সদস্যরা রামপাল উপজেলার ভেকুটিমারি এলাকায় অভিযান চালান। এ সময় মিনা কামালের নেতৃত্বে সন্ত্রাসীরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পালটা গুলি চালায়।