সালমানের ‘বিগ বস ১৪’ সম্প্রচারের দিনক্ষণ নির্ধারণ

করোনা আর লকডাউনের জন্য শুটিংয়ে ছেদ পড়লেও দর্শকদের বিনোদনে ভাটা পড়তে দিতে চায় না টিভি চ্যানেলগুলো। তাই তো নানা প্রতিকূলতার মধ্যেও শুরু হয়ে গিয়েছে শুটিং। ধারাবাহিকের পাশাপাশি ফিরেছে একাধিক রিয়ালিটি শো। এবার অপেক্ষার ইতি ঘটিয়ে ছোটপর্দায় আসছে সবচেয়ে জনপ্রিয় শো ‘বিগ বস’। 

১৪তম মরশুমের শুটিং যে শুরু হয়ে গেছে, সে খবর ইতিমধ্যেই জানা। কানাঘুষো একাধিক প্রতিযোগীর নামও শোনা যাচ্ছে। তবে এবার সামনে এল সম্প্রচারের দিনক্ষণ।
 
আগেই শোনা গিয়েছিল, সেপ্টেম্বরেই সেই ছোটপর্দায় আবার হাজির হবেন ভাইজান সালমান খান। নিজের সাধের ফার্মহাউস থেকেই নাকি ‘বিগ বস ১৪’র শুটিং করছেন তিনি। এবার জানা গেল এবারের সংস্করণের প্রথম পর্বটি দর্শকরা দেখতে পাবেন আগামী ২০ সেপ্টেম্বর। অর্থাৎ আর মাত্র মাস দেড়েকের অপেক্ষা। যদিও চ্যানেলের তরফে এ ব্যাপারে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি।

একই সঙ্গে শোনা যাচ্ছে, বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবার কম অর্থেই শো করতে রাজি হয়েছেন দাবাং খান।

করোনা কালে বেশ কিছু পরিবর্তনও আসতে চলেছে শোয়ের নিয়মাবলিতে। এবার নাকি জঙ্গলের আকার নেবে বিগ বস হাউস। লকডাউনে দেশের চিত্র ঠিক কেমন হয়েছিল, এই শোয়ে নাকি সেটাও ফুটিয়ে তোলা হবে। বিগ বসের বাড়িতে ঢোকার আগে প্রত্যেকেই স্বাস্থ্যপরীক্ষা করা হবে। সব রিপোর্ট ঠিক থাকলেই মিলবে ছাড়পত্র। তাছাড়াও নিয়মিত চেক-আপ করা হবে। থাকবে স্যানিটাইজিংয়ের ব্যবস্থা।

ইত্তেফাক/বিএএফ