ভাঙ্গায় নারী ঘটকের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামেরদী ইউনিয়নের সিংগারিয়া বিল থেকে সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে এগারটার দিকে নারী ঘটক মহিতুন বেগমের (৪০) লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। 

নিহত মহিতুন বেগম পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার কান্দি গ্রামের নিজাম তালুকদারের স্ত্রী। সে এলাকাবাসীর কাছে বিয়ের ঘটক হিসাবেই বেশ পরিচিত। এ ঘটনায় নিহতের ছেলে শাহজালাল বাদী হয়ে মঙ্গলবার (৪ আগস্ট) ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করেছে। মঙ্গলবার সকালে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করেছে। 

আরও পড়ুন: শিবচরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু

ভাঙ্গা থানার উপ-পরিদর্শক আবদুল্লাহ জানান, ভাঙ্গা উপজেলার হামেরদী ইউনিয়নের সিংগারিয়া গ্রামের জাল ডলার প্রতারক মনির হোসেনের পুত্র শান্তকে কিছুদিন আগে এই ঘটকের মাধ্যমে বিয়ে হয়। ঈদের দিন (শনিবার) দুপুরে মনিরের বাড়িতে ওই নারী ঘটক মহিতুন বেগম তার পাওনা ফি চাইতে গিয়ে ঝগড়া হয়। এরপর ওই গৃহবধূর আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিলো না। সোমবার দিবাগত রাতে স্থানীয় জেলেরা মাছ ধরতে বিলের মধ্যে যায়। এসময়ে জেলেদের লাইটের আলোতে গভীর পানির নীচে একটি মানুষের লাশ লোহার রড দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পায়। জেলেরা বিষয়টি পুলিশকে অব্যহতি করলে পুলিশ ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা পানির নীচ থেকে লাশটি উদ্ধার করে।

নিহতের পরিবারের দাবি, ডলার প্রতারক মনিরই তার মাকে মেরে পানিতে ডুবিয়ে রেখেছে। থানায় এজাহারভুক্ত আসামিদের ধরতে পুলিশ কাজ করছে।

ইত্তেফাক/এএএম